মোরার ক্ষতি নিরূপণে আ.লীগের একাধিক দল যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মোরাকবলিত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপণে আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা কক্সবাজার যাচ্ছেন। সেখানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সমন্বয় বৈঠক হবে। এরপর চারটি দলে ভাগ হয়ে কেন্দ্রীয় নেতারা চার এলাকায় যাবেন। 

আজ বুধবার বিকেলে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, দুর্গম এলাকায় সেনাবাহিনী, বিমানবাহিনী ক্ষয়-ক্ষতির প্রতিবেদন দেবে। দলীয়ভাবেও একটি প্রতিবেদন দেওয়া হবে। এ জন্য কক্সবাজারে একটি প্রস্তুতিমূলক সভা করা হবে। আওয়ামী লীগের চারটি প্রতিনিধিদলের মধ্যে কক্সবাজার, সেন্ট মার্টিন, টেকনাফ এলাকায় মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে একটি দল যাবে। জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দলটি যাবে কুতুবদিয়া ও মহেশখালী। চট্টগ্রামের আনোয়ারায় যাবে আবদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল। আক্তারুজ্জামানের নেতৃত্বে আরেকটি দলের গন্তব্য পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটি।
ওবায়দুল কাদের বলেন, সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। আওয়ামী লীগের দল যাচ্ছে। দায়সারা গোছের ত্রাণ দিয়ে কাজ শেষ করা হবে না। তন্ন তন্ন করে খুঁজে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সাহায্য–সহযোগিতা দেওয়া হবে।