মোরায় নিখোঁজদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড়ের কবলে পড়া কয়েকজনকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ছবি: ভারতীয় হাইকমিশন
ঘূর্ণিঝড়ের কবলে পড়া কয়েকজনকে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। ছবি: ভারতীয় হাইকমিশন

ঘূর্ণিঝড় মোরার আঘাতে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ব্যক্তিদের উদ্ধারে মানবিক তৎপরতা চালাচ্ছে ভারতের নৌবাহিনী। ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে। 


ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা এ উদ্ধার তৎপরতায় যুক্ত আছে। চট্টগ্রাম উপকূল থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণে জাহাজটি অবস্থান করছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের সূত্র জানায়, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে ভারতীয় নৌবাহিনী এ উদ্ধার অভিযান চালাচ্ছে। অভিযানে ইতিমধ্যে ১০ ব্যক্তি উদ্ধার হয়েছেন। জাহাজটিতে ত্রাণসামগ্রী আছে। উদ্ধার তৎপরতা শেষ হলে ত্রাণ নিয়ে চট্টগ্রামে আসবে আইএনএস সুমিত্রা।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) মো. খুরশেদ আলম আজ বুধবার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারত ত্রাণসহায়তা দেওয়ার আগ্রহ দেখায়। ভারতের এ আগ্রহে ইতিবাচক সাড়া দেওয়ার পর ভারতের নৌবাহিনীর জাহাজ আইএনএস সুমিত্রা বাংলাদেশের জলসীমায় এসেছে।