বাগেরহাটের মোরেলগঞ্জ ও ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচন-পরবর্তী সহিংসতায় ২৫ জন আহত হয়েছে। মোরেলগঞ্জে পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে।বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তালুকদার মনিরুল হক ও আওয়ামী লীগ-সমর্থিত পরাজিত মেয়র পদপ্রার্থী এম এমদাদুল হকের সমর্থকদের মধ্যে গতকাল শনিবার পাল্টাপাল্টি হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন রিপন (৩৮), ইসলাম (২৬) ও আবু চাপরাশী (৪৫)। তাঁরা সবাই বিজয়ী মেয়র পদপ্রার্থীর সমর্থক।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পরাজিত মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা মোরেলগঞ্জ চৌরাস্তা মোড়ে বিজয়ী প্রার্থীর তিন সমর্থককে মারধর করে। পরে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অবস্থানরত পরাজিত মেয়র পদপ্রার্থী এমদাদ ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়।বিজয়ী মেয়র পদপ্রার্থী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক তালুকদার মনিরুল হক বলেন, বেলা ১১টার দিকে পরাজিত মেয়র পদপ্রার্থীর একদল সমর্থক মোরেলগঞ্জ চৌরাস্তা মোড়ে তাঁর সমর্থক সোহেল, মামুন ও মিলনকে মারধর করে। দুপুরে হাসপাতাল খেয়াঘাট এলাকায় তাঁর অপর দুই সমর্থক পান্না ও সুমনকে মারধর করা হয়।পরাজিত মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, ২০-২৫ জন্য সশস্ত্র ব্যক্তি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তাঁর ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালায়।নির্বাচিত মেয়রের পক্ষের আহত ব্যক্তিরা হলেন সোহেল রানা (২২), মামুন শেখ (২০), মিলন শেখ (২৫), পান্না শেখ (২২) ও সুমন (২০)। তাঁদের মধ্যে প্রথম তিনজনকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।পরাজিত মেয়র পদপ্রার্থীর পক্ষের আহত ব্যক্তিরা হলেন আবদুল গফফার মৃধা (৫০), রাকিব (২৫), সেকেন্দার (৬০), শামীম (২৬) ও ইমরান (১৯)। তাঁদের মধ্যে প্রথম দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, সেকেন্দারকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শেষের দুজনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ও পরাজিত মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।ঝিনাইদহের শৈলকুপায় গতকাল শনিবার বিজয়ী ও পরাজিত মেয়র পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম মেয়র নির্বাচিত হন। পরাজিত হন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে দুই প্রার্থীর সমর্থক রনি ও মাসুদের মধ্যে হাতাহাতি হয়। পরে দুপুর দুইটার দিকে পৌর এলাকার কাজীপাড়া মোড়ে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। এ সময় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। থানা মোড় থেকে দেশ টিভির ঝিনাইদহ প্রতিনিধি আবদুর রহমানের ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভিডিও ফুটেজ নষ্ট করে দেয় সন্ত্রাসীরা। এ সময় তাঁকে লাঞ্ছিত করা হয়। পরে র্যাব সদস্যরা ক্যামেরাটি উদ্ধার করেন। সংঘর্ষে ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মহিলা কাউন্সিলর সুলতানা জাহান, শৈলকুপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী নওরোজ, উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশার স্ত্রী রানী জামান, স্কুলশিক্ষক ফজলুর রহমান, মীর রাসেল, হিল্লোল, যাদু মিয়া, কাজল, সজল, প্রদীপ, আনিছ, মিঠু, ডলি বেগমসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি এখন শান্ত। পুলিশ শহরে টহল দিচ্ছে।