মোরেলগঞ্জে অপহূত স্কুলছাত্রী উদ্ধার তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অপহরণের দুই দিন পর সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের ফাঁসিয়াতলা গ্রামের একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, মোরেলগঞ্জের উমাজুড়ি গ্রামের নাসিমা আক্তার (৩৫) এবং তাঁর দুই ভগ্নিপতি ফাঁসিয়াতলা গ্রামের মো. আবদুল খালেক (৪৫) ও কাঁঠালতলা গ্রামের দুলাল শেখ (৩৫)। এই তিনজন ও নাসিমার ভাই মুনির হাওলাদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন মেয়েটির বাবা।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নারী পাচারকারী দলের সদস্য। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে দুপুরে বাগেরহাট বিচারিক হাকিম আদালতে মেয়েটির জবানবন্দি নেওয়ার পর তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।