মোরেলগঞ্জে অস্ত্র কারখানা সরঞ্জামসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ওই কারখানায় অভিযান চালিয়ে পুলিশ অসম্পূর্ণ পাঁচটি পাইপগানসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। পুলিশ সেখান থেকে অস্ত্র তৈরির দুই কারিগরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন: খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের খান জাকির হোসেন (৩৫) এবং বটিয়াঘাটা উপজেলার হাতিরাবাদ গ্রামের মো. আবদুল হাকিম শেখ (৭০)।উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে: ২৫ ইঞ্চি ও ৮ ইঞ্চি দৈর্ঘ্যের দুটি জিআই পাইপ, পাঁচটি বোল্ট, কয়েকটি স্প্রিং, ঢালাই মেশিন, ড্রিল মেশিন, কয়লার আগুনে লোহা পোড়ানোর হাপোর, হ্যাক্সো ব্লেড, ১২ ইঞ্চি করাত, চারটি ওয়েল্ডিং রড, রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, প্লাস, বাটাল প্রভৃতি।মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বারুইখালী ইউনিয়নের উত্তর বারুইখালী গ্রামের নয়ন তালুকদার ও শামীম তালুকদার নামের দুই ভাইয়ের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ঘরে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আটক করা হয় অস্ত্র তৈরির দুই কারিগরকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন ও শামীম পালিয়ে যান। এসআই মনিরুল আরও জানান, নয়ন তালুকদার ও শামীম তালুকদারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়েকটি মামলা রয়েছে। তাঁরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।এ ঘটনায় মোরেলগঞ্জ থানার এসআই মারফত আলী গতকাল বুধবার গ্রেপ্তার দুজন এবং নয়ন ও শামীম তালুকদারসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। গ্রেপ্তার করা দুজনকে গতকাল বাগেরহাটের বিচারিক হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত আগামী ১৬ আগস্ট আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া আবদুল হাকিম শেখ ও জাকির হোসেন গতকাল সকালে মোরেলগঞ্জ থানায় সাংবাদিকদের জানান, তাঁরা দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র তৈরি করছেন। অস্ত্র তৈরির জন্য গত রোববার তাঁদের ভাড়া করে আনেন নয়ন তালুকদার ও শামীম তালুকদার। নয়ন তালুকদারদের বাড়ির একটি ঘর বাইরে থেকে তালাবদ্ধ করে ভেতরে বসে তাঁরা অস্ত্র তৈরি করছিলেন।