মোরেলগঞ্জে আগুন, একজনের মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জে কাপড়পট্টিতে আগুন লেগে ৭টি দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর পর উদ্ধারকারীরা একটি দোকানের ভেতর থেকে আগুনে পুড়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরে অবস্থিত মোরেলগঞ্জ বাজারের কাপড়পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
আগুনে পুড়ে গেছে আবদুস সালাম ব্যাপারি, আবদুল আউয়াল ব্যাপারী, রফিকুল ইসলাম ও মিরাজ শেখের ছিট কাপড় এবং সরোয়ার হোসেন, হাসিবুর রহমান ও হুমায়ুন তালুকদারের তৈরি পোশাকের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে তাঁদের ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকা ছাড়িয়ে গেছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওবায়দুর রহমান জানান, ভোরে মসজিদে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে বাজারের কাপড়পট্টিতে আগুনের লেলিহান শিখা দেখতে পান। এ সময় মুসল্লিরা মসজিদের মাইক থেকে আগুন লাগার ঘোষণা দিলে স্থানীয় লোকজন ও দমকল কর্মীরা এসে চার ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) স্বপন কুমার ভক্ত বলেন, ‘আগুনে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে আমরা বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিটকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছি।’
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, ‘মিরাজ শেখ নামের এক ব্যবসায়ীর পুড়ে যাওয়া দোকান থেকে এক অজ্ঞাত ব্যক্তির দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে চেনা যাচ্ছে না। দোকানের মালিক দাবি করেছেন, বন্ধের পর কেউ তাঁর দোকানে রাতে অবস্থান করে না। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।’
মঙ্গলবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।