মোরেলগঞ্জে এক ব্যক্তির চোখ উৎপাটনের চেষ্টা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দুর্গম বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা গ্রামে গতকাল মঙ্গলবার মজিবুল ওরফে লাভলু কাজী (৪৪) নামের এক ব্যক্তির দুই চোখ উৎপাটনের চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। এতে তাঁর বাঁ চোখ নষ্ট হয়ে গেছে এবং ডান চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।লাভলু কাজীর বড় ভাই ফিরোজ কাজী জানান, বাগেরহাট কারাগারে আটক ছোট ভাই কলি কাজীর সঙ্গে দেখা করার জন্য গতকাল সকালে বাড়ি থেকে বের হন লাভলু কাজী। ফুলহাতা বাজারের একটি চায়ের দোকান থেকে একই এলাকার হাবিব শেখের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী লাভলুকে ধরে নিয়ে গিয়ে দুই চোখ খুঁচে তোলার চেষ্টা করে। খবর পেয়ে তিনিসহ স্বজনেরা ঘটনাস্থল থেকে লাভলুকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান।বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সুচালো কিছু দিয়ে লাভলুর দুই চোখ খুঁচে তোলার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাকলাইন প্রথম আলোকে বলেন, লাভলু কাজীর বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়েছে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক বলেন, এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি।