মোরেলগঞ্জে দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশসহ আহত আট, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলা থেকে একটি পরিবারকে উদ্ধার করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এর আগে দুর্বৃত্তদের হামলায় ওই পরিবারের পাঁচ সদস্য আহত হয়। গত শুক্রবার উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের ইলিয়াস হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন—থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান, কনস্টেবল মিন্টু ও সুরঞ্জন এবং কুলসুম বিবি, কেরামত আলী খান, জামিরুন বেগম, হেলেনা বেগম ও মনির খান। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইব্রাহিম হাওলাদার, গনি হাওলাদার, আলতাফ হোসেন ও মামুন হাওলাদার। তাঁদের সবার বাড়ি কালিকাবাড়ি গ্রামে। ইলিয়াস হোসেন গতকাল মুঠোফোনে বলেন, তিনি বাড়িতে না থাকায় গত ১৫ এপ্রিল প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার ও মোশারেফ হাওলাদার তাঁর পৈতৃক জমি দখল করে সেখানে একটি কাঁচা ঘর তোলেন। এ ঘটনায় তিনি ১৯ এপ্রিল ওই দুজনসহ তাঁদের সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার সশস্ত্র ৫০-৬০ জন লোক নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে মা, মামা, বোন-ভাবি ও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে তিনি পুলিশে খবর দেন। আহতদের উদ্ধার করতে পুলিশ বাড়িতে এলে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্যও আহত হন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল খালেক বলেন, এ ঘটনায় এসআই ফিরোজ আলম বাদী হয়ে গ্রেপ্তার চার ব্যক্তিসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গতকাল শনিবার আদালতের মাধ্যমে ওই চারজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য মোশারেফ হাওলাদারকে এলাকায় খোঁজ করেও পাওয়া যায়নি।