মোরেলগঞ্জে শিক্ষককে জখম, হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামে গত শুক্রবার গোলাম রসুল (৩৮) নামের এক স্কুলশিক্ষককে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার জের ধরে ওই দিন তাঁর সমর্থকেরা একই গ্রামের সেলিম শেখের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। মহিষপুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক রাকিব উদ্দিন জানান, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বোলপুর সেতুর কাছে কয়েকজন কুপিয়ে এবং লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গোলাম রসুলকে জখম করে। এ সময় গোলাম রসুলের চাচা অহেদ শেখ তাঁকে উদ্ধার করতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন গোলাম রসুলকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।পুলিশ জানায়, হোগলাপাশা ইউপির চেয়ারম্যান ইলিয়াস হোসেন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের মধ্যে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গোলাম রসুল ইলিয়াস হোসেনের সমর্থক ও মোরেলগঞ্জের তেলিগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেলিম শেখ যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সমর্থক।সেলিম শেখের স্ত্রী তুলি বেগম (৩৫) অভিযোগ করেন, শুক্রবার সকালের ঘটনার জের ধরে দুপুর আড়াইটার দিকে গোলাম রসুলের ৪০-৫০ জন সমর্থক তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।