মোরেলগঞ্জের সেই স্কুলশিক্ষক মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আহত স্কুলশিক্ষক গোলাম রসুল (৩৮) গত বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বোলপুর গ্রামের ওই স্কুলশিক্ষক গত ২৭ এপ্রিল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। গোলাম রসুল উপজেলার তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বোলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, হোগলাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থক ইলিয়াস হোসেনের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৭ এপ্রিল গোলাম রসুলকে দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করে হাত ও পা ভেঙে দেয় প্রতিপক্ষ। গোলাম রসুল ইউপি চেয়ারম্যান ইলিয়াসের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। পরে গোলাম রসুলের সমর্থকেরা ওই দিন দুপুরে এবং সন্ধ্যায় যুবলীগ সভাপতির সমর্থক হিসেবে পরিচিত একই গ্রামের সেলিম শেখ বাবুলের পরিবারের তিনটি বসতঘর ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে। হোগলাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান ইলিয়াস আওয়ামী লীগের দোহাই দিয়ে বনদস্যুদের নিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন করে আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন।’ এ ব্যাপারে কথা বলতে হোগলাপাশা ইউপি চেয়ারম্যান ইলিয়াসের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মোরেলগঞ্জ থানার ওসি মাসুদ আলম গতকাল বলেন, এ ঘটনায় এখনো গোলাম রসুলের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।