দুর্ঘটনা রোধে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন। দুর্ঘটনা রোধে উচ্চ পর্যায়ের বোর্ড গঠন করে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি।

আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিজামউদ্দিন মিলনায়তনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পড়েন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, কোনো সরকারই সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা মনে করেনি। তিনি বলেন, ১৯৯৩ সালের ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই আন্দোলনের যাত্রা শুরু। এর পর থেকে ২২ বছর ধরে তাঁরা আন্দোলন করছেন।

দুর্ঘটনার শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য ট্রমা সেন্টার চালু করার দাবি জানিয়েছে সংগঠনটি । ইলিয়াস কাঞ্চন বলেন, ট্রমা সেন্টার চালু করার জন্য ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু সেবা দেওয়া হচ্ছে না। অবিলম্বে এসব চালু করা দরকার। হাইওয়ে পুলিশ ডিপার্টমেন্ট সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না মন্তব্য করে ইলিয়ান কাঞ্চন বলেন, তাঁদের কার্যক্রম আরও বাড়াতে হবে। মামলা নেওয়া ও তদন্ত করার ক্ষমতা তাঁদের দিতে হবে।

রাস্তা পারাপার-সংক্রান্ত অভিযানের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘৪৪ বছর ধরে আমাদের রাস্তার মাঝখান দিয়ে চলাচলের অভ্যাস। কোনো সভ্য জাতি এভাবে রাস্তা পার হতে পারে না। আমাদের ট্রাফিক আইন মেনে চলতে হবে ও মানসিকতা বদলাতে হবে।’

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।