মোল্লাহাটে ক্লিনিককে জরিমানা, বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরে অনুমতি ও বৈধ কাগজ ছাড়া লাকি ক্লিনিক নামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র (ক্লিনিক) পরিচালনার অভিযোগে তৈয়েবুর রহমান নামের এক ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাজিম উদ্দিন এই দণ্ডাদেশ দেন।
একই সঙ্গে তিনি ওই অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাগেরহাটের সিভিল সার্জন ও মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন।
একই সময়ে ওই ভ্রাম্যমাণ আদালত মোল্লাহাটের জয়ডিহি পুরোনো ঘোষগাঁতি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে পৃথক অভিযান চালিয়ে সরকারি হাসপাতালে সরবরাহ করা প্রচুর পরিমাণ বিক্রিনিষিদ্ধ ওষুধ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
সহকারী কমিশনার নাজিম উদ্দিন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আমি মোল্লাহাট উপজেলা সদরের লাকি ক্লিনিকে অভিযান পরিচালনা করি। তাঁরা ক্লিনিক পরিচালনার কোনো বৈধ কাগজ বা অনুমতি দেখাতে পারেননি। সেখানে প্রয়োজনীয় চিকিৎসক নেই। তৈয়েবুর রহমান নামের এক ব্যক্তি ওই ক্লিনিকের স্বত্বাধিকারী। তিনি সর্বশেষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে অবসরে যান এবং এই ক্লিনিক খুলে বসেন। লাকি ক্লিনিকে প্যাথলজি পরীক্ষা করে স্বাক্ষরবিহীন রিপোর্ট প্রদানের প্রমাণ পাওয়া গেছে।’
নাজিম উদ্দিন জানান, তৈয়েবুর রহমান তাঁর অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশ কিছু রোগী ভর্তি থাকায় মানবিক কারণে তাৎক্ষণিকভাবে ক্লিনিক সিলগালা করা হয়নি। তবে ওই অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগেরহাটের সিভিল সার্জন ও মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
অবৈধ ক্লিনিক পরিচালনা ও সরকারি ওষুধ উদ্ধারের বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল বলেন, ‘যত দূর জানি লাকি ক্লিনিক অনুমতি নিয়েই তাদের কার্যক্রম শুরু করেছিল। তবে তাদের বর্তমান সেবার মান, লোকবল এবং কাগজপত্রের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ না নিয়ে বলতে পারছি না। সরকারি ওষুধ উদ্ধারের ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। আমি বিষয়টি তদন্ত করে দেখবে।’