মোল্লাহাটে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গতকাল সোমবার বিকেলে একটি প্রাইভেট কারের সঙ্গে কাঠ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলার মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদারসহ আটজন। বাগেরহাট-ঢাকা মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জগলুল আহসান (৩৮), কাউসার (৩০), ট্রাকের শ্রমিক আসাদ শেখ (৪৭), তাঁর ছেলে মুরাদ শেখ (১৬)।জগলুলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কুমারখালী গ্রামে। নিহত শ্রমিকদের বাড়ি মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।আহত ব্যক্তিদের মধ্যে প্রাইভেট কারের চালক মো. রফিক (৩৭), ট্রাকের শ্রমিক হারু মোল্লা (২৩), আসাদ চৌকিদার (৩৫), রমজান শেখ (৩৬), মো. আলমগীর (২৮) ও সাখাওয়াত শেখকে (৩৩) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রবীর রঞ্জন হালদার ও তাঁর সহযাত্রী বাপ্পীকে (৩২) খুলনার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটায় পরে চালক রফিককেও খুলনায় নেওয়া হয়েছে।মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক জানান, দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ওই দুর্ঘটনা ঘটে।