মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোষগাতি গ্রামে গত শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিছুর রহমান মোল্লা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আনিছুর রহমান মোল্লা উত্তর ঘোষগাতি গ্রামের মোহামঞ্চদ আলী মোল্লার ছেলে। ঘোষগাতি বিলে নৌকায় ওঠাকে কেন্দ্র করে বচসার জেরে বিবদমান মোল্লা ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আনিছুর রহমান মোল্লা সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ন ম খায়রুল আনাম বলেন, গ্রামের শেখ ও মোল্লা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরে ঘোষগাতি বিলে নৌকায় ওঠাকে কেন্দ্র করে ওই দুই বংশের কয়েকজন শিশু-কিশোরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বিকেল সাড়ে পাঁচটার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোল্লা বংশের আনিছুর রহমান মোল্লা গুরুতর জখম হন। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।