মোল্লাহাটে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে দাউদ শেখ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গাওলা ইউনিয়নের মেঝের গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম অলেকা বেগম (২৭)। তিনি মেঝের গাওলা গ্রামের আবদুর রাজ্জাক মোল্লার মেয়ে। স্বামী দাউদ শেখ (৪৫) একই উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের মৃত আবদুল হালিম শেখের ছেলে। দাউদকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর স্বজনেরা।উপজেলার গাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার সাহিদুল ইসলাম বলেন, অলেকা মোল্লাহাট উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের লেবার কন্ট্রাক্ট সোসাইটির (এলসিএস) একজন শ্রমিক। গতকাল বিকেলে রাস্তায় মাটির কাজ করে তিনি সাত-আটজন নারীশ্রমিকের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তাঁরা মৃত মনতাজ শেখের বাড়ির সামনে পৌঁছালে আকস্মিকভাবে অলেকার স্বামী দাউদ তাঁর পেটে ছুরিকাঘাত করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অলেকার মৃত্যু হয়। কিছুক্ষণ পর একই এলাকার কালিপদ চিন্তাপাত্রের বাগান থেকে অচেতন অবস্থায় দাউদ শেখকে উদ্ধার করা হয়। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, দাউদ শেখ বিষাক্ত দ্রব্য খেয়ে আত্মহত্যা করেছেন। দাউদের জামার পকেটে থাকা তালাকনামার একটি নোটিশ থেকে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর অলেকা স্বামী দাউদকে তালাক দিয়েছেন। এর জের ধরে হত্যা ও আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।