স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পঁচাত্তরে খুনি মোশতাক ও জিয়া চক্র বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে এ দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক চক্রের বীজ বপন করেছিল। আজ বিএনপি-জামায়াত হরতাল ডেকে এ দেশকে ধ্বংসের পথে নিয়ে যেতে চায়। এভাবে চলতে দেওয়া যায় না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।গতকাল শনিবার চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।চট্টগ্রামের পুলিশ সুপার জেড এ মোরশেদের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ‘প্রধানমন্ত্রী সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনা সন্নিবেশিত করতে চান, এ জন্য বিরোধীদলীয় নেত্রী প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ। এ দেশের মানুষ শান্তিতে থাকুক তারা তা চায় না। আজ স্বাধীনতার পক্ষের শক্তি ও বিরুদ্ধ শক্তি দুই ভাগে ভাগ হয়ে গেছে।’সহকারী পুলিশ সুপার বাবুল আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম আবুল কাশেম মাস্টার, চেমন আরা তৈয়্যব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ সংস্কার প্রকল্পের পরিচালক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কাশেম প্রমুখ। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সংস্কার প্রকল্পের আওতায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাটহাজারী মডেল থানার নতুন ভবন ও কার্যক্রম উদ্বোধন করেন।বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. ইসমাইলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, সহসভাপতি অধ্যাপক মাইনুদ্দিন, শিক্ষাবিষয়ক সম্পাদক ইউনুস গণি চৌধুরী প্রমুখ।