গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুকে পুলিশ গৃহবন্দী করেছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক বাম মোর্চা দাবি করেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাম মোর্চার ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পুলিশ পণ্ড করতে মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশুকে গৃহবন্দী করে রাখে। এ ছাড়া চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আগামী মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে বাম মোর্চা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, ট্রানজিট, বাণিজ্য ঘাটতি, সীমান্ত হত্যা বন্ধসহ বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের দাবিতে বাম মোর্চা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু এ সমাবেশ পণ্ড করার জন্য সকালেই কলাবাগান থানার পুলিশ গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুকে গৃহবন্দী করে রাখে এবং মুঠোফোন কেড়ে নেয়। একই সময় থেকে পুলিশ তোপখানা রোডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্ক্সবাদী) ও গণতান্ত্রিক বাম মোর্চার কার্যালয় ঘেরাও করে রাখে।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে গতকাল রাত আটটার দিকে মোশরেফা মিশুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। আর পুলিশ গৃহবন্দী করে রাখবে কেন, কারও কোনো বিশৃঙ্খলা করার ইচ্ছা থাকলে তো পুলিশ তাকে ধরে নিয়ে আসবে।’
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর আগমনে প্রেসক্লাবের সামনে কয়েকজন কালো পতাকা প্রদর্শন করছিলেন। সেখান থেকে চারজনকে আটক করা হয়। শাহবাগ থানার হাজতখানার সংস্কারের কাজ চলায় তাঁদের রমনা থানায় রাখা হয়েছে।
মোশরেফা মিশুকে গৃহবন্দী ও নেতা-কর্মীদের আটকের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ছাত্র ঐক্য ফোরাম, গণতান্ত্রিক বাম মোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, নয়া গণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।