মোশারফ হত্যায় সৎ ভাই বেলায়েত জড়িত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার যাত্রাবাড়ী এলাকার মোশারফ হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বগা ফারুক। তিনি মুন্সিগঞ্জের বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মুন্সিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রবিউল আলম গতকাল বুধবার এ জবানবন্দি রেকর্ড করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জবানবন্দিতে ফারুক জানান, তিনি ও মোশারফের সৎ ভাই বেলায়েত এবং কিলার মিঠু ঘটনার দুই দিন আগে তাঁর বাসায় এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত ১০ আগস্ট দুটি মোটরসাইকেলে করে বেলায়েত ও মিঠুসহ চারজন যাত্রাবাড়ী থেকে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে যান। ফোন করে মোশারফের স্ত্রীর কাছ থেকে তাঁরা তাঁর অবস্থান জানেন। মোশারফ রিকশায় করে শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালান মিঠু। এতে গুলিবিদ্ধ হয়ে মোশারফ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁরা ভাগ হয়ে চলে যান। বেলায়েত বাসায় গিয়ে তাঁকে ১০ হাজার টাকা দেন। বাকি টাকা পরে দেবেন বলে জানান।মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এর আগে বগা ফারুকের স্ত্রী কেয়া আক্তার (২০) গত ২৮ আগস্ট একই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জাবানবন্দিতে তাঁদের বাসায় এ হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা স্বীকার করেন। মোশারফ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন খুনি নাসিরউদ্দিন মিঠুকে (২৫) গত মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ীর একটি হোটেল থেকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। সরকারি ছুটির কারণে শুনানি অনুষ্ঠিত না হওয়ায় তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত ১০ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে মোশারফ নিহত হন। তিনি ঢাকা থেকে মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। ঘটনার আগের দিন তিনি গ্রিস থেকে দেশে ফেরেন। এ ঘটনায় নিহত মোশারফের মা হাজেরা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।