নাইকো দুর্নীতি মামলায় বিগত চারদলীয় জোট সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মীর হাশমত আলী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। গতকাল আদালতে হাজির হয়ে মোশাররফ হোসেন আইনজীবীর মাধ্যমে জামিনের আরজি জানান। আদালতে মোশাররফের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন। সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। জানা যায়, নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ১২ ফেব্রুয়ারি মামলাটি করে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে আসামিরা ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার আদান-প্রদান করেছেন। মোশাররফ গাড়ির নিবন্ধন বাবদ ২৩ হাজার ৮৩৫ টাকা এবং বিদেশে (কানাডা এবং আমেরিকায়) ভ্রমণের জন্য পাঁচ হাজার কানাডিয়ান ডলারের আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।