মোশাররফ হোসেনের মন্ত্রী পদে থাকার বৈধতা জানতে চেয়ে রুল
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোন কর্তৃত্ববলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী পদে আছেন, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল দেন।
একই সঙ্গে মোশাররফ হোসেন যে কোম্পানির সঙ্গে যুক্ত, তাঁর এজিএম, অডিট রিপোর্ট ও কার্যপ্রণালির নথি দাখিল করতে বলেছেন আদালত।
গত ৩১ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিভিন্ন লাভজনক কোম্পানির পরিচালনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছিল।
পরে কোন কর্তৃত্ববলে মোশাররফ হোসেন মন্ত্রী পদে আছেন—তা জানাতে ৯ নভেম্বর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। নোটিশের জবাব না পাওয়ায় ২৩ নভেম্বর রিট করেন ওই আইনজীবী। রিটের ওপর শুনানি শেষ আজ রুল দেন আদালত।
মোশাররফ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে (আরজেএসসি) তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত জুনে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সেবা খাতের চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান দ্য পেনিনসুলা চিটাগাং। চলতি বছরের ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দেশি ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে আইপিও অর্থ সংগ্রহ করে। সেই সময় যে প্রসপেক্টাস বা আইপিও বিবরণীপত্র প্রকাশ করেছে, তাতে চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নাম রয়েছে। মন্ত্রী হিসেবে মোশাররফ হোসেন দায়িত্ব নিয়েছেন চলতি বছরের ১২ জানুয়ারি। আর তাঁর মালিকানাধীন কোম্পানি শেয়ারবাজার থেকে টাকা তুলেছে মার্চ-এপ্রিলে। অর্থাৎ মন্ত্রী পদে বহাল হওয়ার পরও তিনি পেনিনসুলার পরিচালক রয়েছে।
রাষ্ট্রপক্ষ দাবি করে, চলতি বছরের ১ জানুয়ারি মোশাররফ হোসেন ওই পদ থেকে পদত্যাগপত্র জমা দেন। তবে বোর্ড তা গ্রহণ করেনি। আবার পদত্যাগপত্র দেওয়া হলে ৩০ অক্টোবর তা গৃহীত হয়। সুতরাং রিট আবেদন অকার্যকর।