মোশাররফে ভরসা নেই তৃণমূল আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে আগামী সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চান না তৃণমূলের বেশির ভাগ নেতা। গত বুধবার রাতে ঢাকায় গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার কাছে লিখিতভাবে এ মতামত জানিয়েছেন তাঁরা।
ফরিদপুর সদর আসনের প্রতিনিধি হিসেবে ওই সভায় অংশ নিয়েছিলেন জেলা, কোতোয়ালি ও শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। তাঁদের মধ্যে শুধু জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন খন্দকার মোশাররফকে মনোনয়ন দেওয়ার পক্ষে মত দিয়েছেন। বাকি পাঁচজন—জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, কোতোয়ালি কমিটির সভাপতি খলিফা কামালউদ্দিন, সাধারণ সম্পাদক অমিতাভ বসু, শহর কমিটির সভাপতি খন্দকার মঞ্জুর আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা মন্ত্রীর নাম প্রস্তাব করেননি।
তাঁরা এই আসনের প্রার্থী হিসেবে যে তিনজনের নাম প্রস্তাব করেছেন তাঁরা হলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য এ কে আজাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক ও জেলা মহিলা আওয়ামী লীগের সদস্যসচিব আইভী মাসুদ।
তবে কাজী জায়নুল আবেদীন বলেন, ‘আমি কার নাম দিয়েছি, তা কাউকে বলবো না। মন্ত্রীর নাম দিয়েছিকি না তাও বলবো না।’
অমিতাভ বসু প্রথম আলোকে বলেন, ‘আমরা পাঁচজন এ কে আজাদসহ অন্যদের নাম প্রস্তাব করেছি। এ কে আজাদ বর্তমানে সৌদি আরব অবস্থান করায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। শামসুল হক বলেন, ‘আমি দলের কাছে মনোনয়ন চাইব। আমার নাম প্রস্তাব করা হয়েছে তা আমার জানা।’ আইভী মাসুদ বলেন, ‘আমার সমঞ্চতিতেই নাম প্রস্তাব করা হয়েছে।’
সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘এ আসন থেকে খন্দকার মোশাররফকে মনোনয়ন দেওয়া হলে আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাবে। তাই দলের স্বার্থে আমরা বিকল্প এ চিন্তা করতে বাধ্য হয়েছি।’
খন্দকার মোশাররফ বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় এ ব্যাপারে তাঁর মতামত জানা সম্ভব হয়নি। তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) সত্যজিৎ মুখোপাধ্যায় প্রথম আলোকে বলেন, ‘মনোনয়ন দেবেন নেত্রী। তাই তৃণমূলের প্রস্তাব নিয়ে আমরা চিন্তিত বা উদ্বিগ্ন নই। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আমাদের বড় শক্তি উন্নয়ন ও সন্ত্রাসবিরোধী অবস্থান। দলের গ্রুপিং নিরসনে আমরা গত ছয় মাস ধরে কাজ করেছি, তবে সফল হইনি।’