মোশাররফের জামিনের কার্যকারিতা ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত
বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করে দেওয়া হাইকোর্টের রায়ের কার্যকারিতা ২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এই সময়ের মধ্যে দুদক এবং রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ-টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে।
আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে খন্দকার মোশাররফ হোসেন কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশিদ আলম খান।
৯ জুলাই হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ অর্থ পাচারের ওই মামলায় শর্ত সাপেক্ষে মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৩ জুলাই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করলে আদালত ২০ জুলাই শুনানির দিন ধার্য করেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও মোশাররফ হোসেনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে ৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি করে দুদক। এই মামলায় ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁর আগাম জামিন মঞ্জুর করেন। পরে ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগে ওই জামিন বাতিল হয়। ১২ মার্চ মোশাররফ হোসেনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। ২৯ এপ্রিল হাইকোর্ট জামিন প্রশ্নে রুল দেন। রুলের শুনানি শেষে ৯ জুলাই আদালত রায় দেন।