মোশাররফের বিরুদ্ধে বড়পুকুরিয়া দুর্নীতি মামলা চলবে
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি-সংক্রান্ত দুর্নীতির মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছেন হাইকোর্ট। এর ফলে বিচারিক আদালতে তাঁর বিরুদ্ধে মামলাটি চলতে আর কোনো বাধা নেই।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। আদালত বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ার ৫০ দিনের মধ্যে এ কে এম মোশাররফকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আদালত রুল খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছেন। ফলে বিচারিক আদালতে তাঁর বিরুদ্ধে মামলাটি চলতে কোনো বাধা নেই।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, এ কে এম মোশাররফসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় দুদক এ মামলা করে।