অর্থ আত্মসাতের অভিযোগে চারদলীয় জোট সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহান ও জামায়াতে ইসলামির নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে ইসলামিক ফাউন্ডেশন।গতকাল সোমবার ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন। গতকালই ফাউন্ডেশনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে মামলার প্রেক্ষাপট তুলে ধরা হয়।মামলার অন্য আসামিরা হলেন মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ লুত্ফুল হক।ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের জানান, আসামিরা জাকাতের এক কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাত্ করেন। তাঁরা জাকাত বরাদ্দের ক্ষেত্রে ইসলামি বিধিবিধানও মানেননি।সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান, ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা মিছবাহুর রহমান চৌধুরী প্রমুখ।মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদী ক্ষমতার অপব্যবহার করে নিজের প্রতিষ্ঠান পিরোজপুরে ইসলামি সমাজকল্যাণ কেন্দ্রকে বরাদ্দ দিয়েছেন। মোশারেফ হোসেন শাহজাহান তাঁর নিজের প্রতিষ্ঠান বন্ধুজন পরিষদের মাধ্যমে জাকাতের অর্থ দিয়েছেন। আবুল কালাম আজাদ জাকাত বোর্ডের সদস্য হিসেবে প্রভাব খাটিয়ে তাঁর এনজিওর মাধ্যমে জাকাতের টাকা ঋণ হিসেবে বিতরণ করেছেন।এ বিষয়ে জানতে চাইলে মোশারেফ হোসেন শাহজাহান প্রথম আলোকে বলেন, জাকাতের অর্থ বোর্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। এতে তাঁর কোনো হাত ছিল না। তিনি কোনো দুর্নীতি করেননি।দেলাওয়ার হোসাইন সাঈদী গতকাল রাতে টেলিফোনে বলেন, ‘আমি এই টাকা দেখিনি, তালিকা তৈরি করিনি, বিতরণের সময় উপস্থিতও ছিলাম না।’ পুরো বিষয়টি তত্কালীন জেলা প্রশাসক ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের তত্ত্বাবধানে বন্টন করা হয়েছে।