মোসাদ্দেক আলী ও তাঁর স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব তলব
বেসরকারি টেলিভিশন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু, তাঁর স্ত্রী মাহবুবা সুলতানা ও মেয়ে রোজা আলীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ৩১ আগস্টের মধ্যে তাঁদের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।
এক চিঠিতে বলা হয়েছে, তাঁদের হিসাব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম, হিসাব খোলা থেকে শেষ পর্যন্ত লেনদেন বিবরণী পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাতে ব্যর্থ হলে জরিমানা গুনতে হবে। তাঁদের স্থায়ী ঠিকানা হিসেবে বলা হয়েছে ৭৯৭ দক্ষিণ শাহাজাহানপুর। বর্তমান ঠিকানা বলা হয়েছে বনানীর ওল্ড ডিওএইচএস।
তদন্তের স্বার্থে কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে বিএফআইইউয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, একটি গোয়েন্দা সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর কাছে এ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা সংগ্রহ করে পাঠানো হবে।