মোসাদ্দেক আলী পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাদ্দেক আলীকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়। ছবি: ফোকাস বাংলা
মোসাদ্দেক আলীকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীর (ফালু) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক আজ সোমবার এ আদেশ দেন।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় খিলগাঁও থানার মামলায় পুলিশ মোসাদ্দেক আলীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত শুনানি নিয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোসাদ্দেক আলী গতকাল রোববার বিএনপির চেয়ারপারসনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেন। রাত পৌনে আটটার দিকে কার্যালয় থেকে বের হওয়ার পরপরই তাঁকে আটক করে পুলিশ। আটকের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দুই আমলে কোনো মামলা হয়নি, আটকও হননি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে আটটি মামলা হয়। সে সময় ২০০৭ সালে ৪ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ২২ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। সে সময় ত্রাণের টিন আত্মসাৎ মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল।