রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তই থাকছেন বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। তাঁকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ গতকাল রোববার বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মোসাদ্দেকের বিরুদ্ধে পাঁচটি মামলায় বিচারিক আদালত অভিযোগপত্র গ্রহণ করায় গত ৭ মে তাঁকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগ। এর বিরুদ্ধে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৮ মে হাইকোর্টের একটি বেঞ্চ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত ৪ জুন হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন।
মোসাদ্দেকের আইনজীবী আমিনুল হক হেলাল গতকাল প্রথম আলোকে বলেন, চেম্বার আদালতের স্থগিতাদেশ অব্যাহত রেখে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। এখন হাইকোর্টে রুলের শুনানি হবে।
মোসাদ্দেক হোসেন মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর ৩১ মে রাজশাহী সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উল আযীমকে ভারপ্রাপ্ত মেয়র নিয়োগ দেয় সরকার।