মোসাদ্দেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
রাজশাহীতে সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় পৌর মেয়রদের যোগদান ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। গতকাল বুধবার খায়রুজ্জামানের নির্বাচনী এজেন্ট নওশের আলী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, রাজশাহী ও এর আশপাশের বিভিন্ন পৌরসভার মেয়ররা নিয়ম ভঙ্গ করে সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় যোগ দেন।সভায় মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। ওই নির্বাচনী সভার কার্যকলাপ পর্যালোচনা করেল দেখা যায়, এটি রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা ২০১৩-এর ৭ (ক)-এর ১০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সঙ্গে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী সভায় পৌর মেয়ররা’ শীষক প্রতিবেদনটির ফটোকপিও জমা দেওয়া হয়।নওশের আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেছি। মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে নির্বাচন বিধিমালা ভঙ্গের বিষয়ে এর আগেও অভিযোগ করা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা আমাদের জানানো হয়নি। সে বিষয়েও আমরা জানতে চেয়েছি।’ রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, পৌর মেয়রদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হচ্ছে।