রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেনের (বুলবুল) বিরুদ্ধে নগরের কয়েকটি বস্তি এলাকায় উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। তবে মোসাদ্দেকের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।নাগরিক কমিটির প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে অভিযোগ করেন, বাসাবাড়িতে গ্যাস-সংযোগে খায়রুজ্জামানের কৃতিত্বকে তাঁর নিজের বলে দাবি করে প্রচারণা চালিয়ে হালে পানি পাননি। তবে রাজশাহী শহরের ১৭ নম্বর ওয়ার্ডে গাঙ্গোপাড়ার বস্তি, রেলওয়ের পাশের বস্তি, বড়কুঠি ও আরডিএ বস্তিসহ শ্রীরামপুর বস্তি এলাকায় তাঁরা খায়রুজ্জামানের বিপক্ষে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছেন। তাঁরা প্রচারণা চালাচ্ছেন, খায়রুজ্জামান জিতলে ওই বস্তিগুলো উচ্ছেদ করবেন। ফজলে হোসেন বলেন, ‘নির্বাচিত সাংসদ হিসেবে আমি এলাকাবাসীকে জানাতে চাই, বস্তি উচ্ছেদের এই ধরনের কোনো পরিকল্পনা সরকারের কোনো পর্যায়ে বিবেচনায় নেই।’ অভিযোগ প্রসঙ্গে মোসাদ্দেকের প্রধান নির্বাচনী এজেন্ট তোফাজ্জল হোসেন বলেন, তাঁরা জেনে গেছেন, তাঁদের পায়ের নিচে মাটি নেই। তাই তাঁরা এমন বিভ্রান্তিকর কথাবার্তা প্রচার করছেন। এটা সম্পূর্ণ মিথ্যা।কারণ দর্শানোর নোটিশ: জেলা বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী খায়রুজ্জামানের ধ্বংস কামনা করে হেফাজত নেতার মোনাজাতের কারণে গত শনিবার রাতে মোসাদ্দেককে রিটার্নিং কর্মকতার কার্যালয় থেকে সতর্ক করা হয়েছে। অন্যদিকে নির্বাচনী এলাকায় ডিজিটাল ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতা কামারুজ্জামানের ছবি ব্যবহার, একাধিক কার্যালয় স্থাপন ও সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত বেসরকারি সংস্থা সিডিসির কর্মচারীদের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করার জন্য নাগরিক কমিটির প্রার্থী খায়রুজ্জামানকে গত শনিবার কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।