মোসাদ্দেকের বিরুদ্ধে একাধিক কার্যালয় তৈরির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের বিরুদ্ধে একটির জায়গায় দুই থেকে সর্বোচ্চ ১১টি পর্যন্ত নির্বাচনী কার্যালয় স্থাপন ও বিধি ভঙ্গ করে মিছিল-শোডাউনেরও অভিযোগ আনা হয়েছে। ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানের পক্ষে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট নওশের আলী গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথক দুটি অভিযোগ দাখিল করেছেন।প্রথম অভিযোগে বলা হয়েছে, সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধি ২০১০-এর ৬ (৫) (ক) ধারার বিধান অনুযায়ী মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতি থানায় একের অধিক নির্বাচনী কার্যালয় স্থাপন করতে পারবেন না। অথচ মোসাদ্দেক হোসেন রাজশাহী সিটি করপোরেশন এলাকার চার থানায় একের অধিক নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়।অভিযোগের সঙ্গে মোসাদ্দেক হোসেনের আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়ের তালিকাও দেওয়া হয়। তাতে দেখা যায়, ২ নম্বর ওয়ার্ডে মোসাদ্দেকের নির্বাচনী কার্যালয় রয়েছে তিনটি, ৩ নম্বর ওয়ার্ডে দুটি, ৪ নম্বর ওয়ার্ডে চারটি, ৭ নম্বর ওয়ার্ডে দুটি, ৮ নম্বর ওয়ার্ডে ৩টি, ২৫ নম্বর ওয়ার্ডে সর্বোচ্চ ১১টি, ২৬ নম্বর ওয়ার্ডে তিনটি, ২৭ নম্বর ওয়ার্ডে সাতটি, ২৮ নম্বর ওয়ার্ডে চারটি, ২৯ নম্বর ওয়ার্ডে ছয়টি এবং ৩০ নম্বর ওয়ার্ডে দুটি নির্বাচনী কার্যালয় রয়েছে।অপর অভিযোগে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী আচরণবিধি ২০১০-এর ৬ (৪) (খ) ধারার বিধান অনুযায়ী মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিছিল বা কোনোরূপ শোডাউন করতে পারবেন না। অথচ মোসাদ্দেক হোসেন রাজশাহী সিটি করপোরেশন এলাকার ১, ২, ৫, ১৭, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে গত ২৮ ও ২৯ মে বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছাত্রশিবির, জামায়াতে ইসলাম ও বিএনপির অঙ্গসংগঠনের ১০০ থেকে ২০০ জন লোক নিয়ে মিছিলসহ শোডাউন করেন। মিছিলের বিষয়টি কয়েকটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, ‘সব কার্যালয় সম্মিলিত নাগরিক ফোরাম করেনি। স্থানীয় ছাত্রদল, যুবদল ও অন্যরা করেছে। নাগরিক কমিটি পায়ে পা দিয়ে ঝগড়ার চেষ্টা চাচ্ছে। তাদেরও এ রকম কার্যালয় আছে।’মোসাদ্দেকের ব্যাখ্যা চাওয়া হয়েছে: গত বুধবার নগরের একটি রেস্তোরাঁয় মোসাদ্দেকের পক্ষে সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুজ্জামানের ধ্বংস কামনা করে করে মোনাজাত করা হয়েছিল বলে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিলেন খায়রুজ্জামান। এ বিষয়ে মোসাদ্দেকের ব্যাখ্যা চেয়ে গতকাল শুক্রবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।