মোসাদ্দেকের মেয়র পদে ফিরতে বাধা নেই
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ গতকাল রোববার এ আদেশ দেন। ফলে মোসাদ্দেক হোসেনের মেয়র পদ ফিরে পেতে ও তাঁর দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আমিনুল হক হেলাল।
আদালতে মোসাদ্দেক হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, এ এফ হাসান আরিফ ও আমিনুল হক হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আইনজীবী সূত্র বলছে, নাশকতার অভিযোগে করা পৃথক মামলায় অভিযোগপত্রে নাম এলে ২০১৫ সালের ৭ মে মোসাদ্দেক হোসেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল ও সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করলে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত হয়। এর ধারাবাহিকতায় বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। আপিল বিভাগ রুল নিষ্পত্তি করতে পক্ষদের নির্দেশ দেন। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১০ মার্চ হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে, যা গতকাল খারিজ হয়। এর আগে পৃথক মামলায় জামিন পেয়ে গত বছরের জুনে কারাগার থেকে মুক্তি পান মোসাদ্দেক।