মোসাদ্দেকের ২০ দফার ইশতেহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট-সমর্থিত সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। এতে দলীয় সাংসদকে দিয়ে সিটি সেন্টার নির্মাণের অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরে নগরের মনিচত্বর এলাকায় সম্মিলিত নাগরিক ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২০ দফার এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারের একটি দফায় রাজশাহী সিটি করপোরেশনের পুরাতন সিটি ভবনের জায়গায় সিটি সেন্টার নির্মাণের জন্য দলীয় সাংসদকে নামমাত্র মূল্যে বরাদ্দ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নির্বাচিত হলে এই অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সিটি বাইপাসের হাট নিয়ে দুর্নীতির অভিযোগ, সরকারদলীয় নেতাদের উন্নয়ন বরাদ্দের অর্থ লুটের অভিযোগসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়। এতে বলা হয়, সিটি করপোরেশনের সব কাজের টেন্ডার তিন-চারজন দলীয় ব্যক্তির হাতে জিম্মি হয়ে আছে। নির্বাচিত হলে আইন অনুযায়ী ঠিকাদারদের মাধ্যমে টেন্ডার দেওয়া হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সিটি সেন্টারের কাজের দরপত্র আহ্বান করা হলে শুধু রাজশাহী-৪ আসনের সরকারদলীয় সাংসদ এনামুল হকের নির্মাতাপ্রতিষ্ঠান এনা প্রপার্টিজ দরপত্র জমা দেয়। ফলে ১৬ তলা ভবন নির্মাণের কাজটি এনামুল হকই পান। চুক্তি অনুযায়ী সব দোকান ও ঘরের ৭৫ ভাগ এনা প্রপার্টিজ বিক্রি করবে এবং ২৫ ভাগ পাবে সিটি করপোরেশন। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর সিটি করপোরেশনের সাধারণ সভায় এটি অনুমোদন দেওয়া হয়। ২০১২ সালের ১০ অক্টোবরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।  

সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই নির্মাণকাজ দেওয়া হয়েছে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইশতেহারের ঘোষণায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ইশতেহারে অন্যান্য ঘোষণার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—আগামী পাঁচ বছর কোনো কর না বাড়ানো, ঘরে ঘরে গ্যাসসংযোগের ব্যবস্থা করা, উন্নয়নের মাস্টার প্ল্যান তৈরি করে নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিত, রাজশাহী ওয়াসাকে শক্তিশালী করে বিশুদ্ধ পানির ব্যবস্থা, নগরের শান্তিশৃঙ্খলা রক্ষা, বেকারত্ব নিরসনে কৃষিভিত্তিক ইপিজেড স্থাপন, সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, আন্তর্জাতিক মানের হকি ও ক্রিকেট ভেন্যু স্থাপন ও বিকেএসপি স্থাপন, ইউএনডিপি ও সিডিসির মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বিনা সুদে সাহায্য প্রদান, চিত্তবিনোদনের স্থান তৈরি, সংস্কার ও আধুনিকায়ন করা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, সাহিত্যানুরাগী, শিল্পী-কলাকুশলী, বরেণ্য রাজনৈতিক নেতা, জ্ঞানী আলেম-ওলামায়ে কেরাম, আনুষ্ঠানিকভাবে শিক্ষানগর ঘোষণার বাস্তবায়ন, নতুন আরও বেশ কয়েকটি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অসমাপ্ত কাজ সমাপ্ত করে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমরা মনি করি, রাজশাহীর বর্তমান প্রশাসন দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। এ কারণে সেনাবাহিনীকে নির্বাচনের সাত দিন আগে থেকে স্টিয়ারিং ফোর্স হিসেবে মাঠে নামাতে হবে।’

সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার পাঠ করেন সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি মু. রফিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান,  বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, সম্মিলিত নাগরিক ফোরামের উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফাইসুল ইসলাম, সাধারাণ সম্পাদক মাইনুল আহসান, সহসভাপতি আফরাউজ্জামান চৌধুরী, ওয়াসিম হোসেন প্রমুখ।