মোসাহেবি প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে: সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, মোসাহেবি প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে সুজন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
গোলটেবিল বৈঠকের সূচনা বক্তব্যে বদিউল আলম মজুমদার বলেন, ‘সারা দেশে গুম-খুনের ঘটনা বেড়ে যাওয়ায় দেশের মানুষ উদ্বিগ্ন। আর এজন্য দায়ী রাজনৈতিক দুর্বৃত্তায়ন। এটা বন্ধে নাগরিক সমাজকে জেগে উঠতে হবে। প্রশাসনে দলীয়করণে আমাদের সকল প্রতিষ্ঠান এখন অকার্যকর হয়ে পড়েছে। মোসাহেবি প্রথা চালু হয়েছে। এ প্রথা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে নিরঙ্কুশ করেছে।’
বদিউল আলম মজুমদার বলেন, নারায়ণগঞ্জের সাম্প্রতিক ঘটনায় জনমনে ভীতি-আতঙ্কের সঞ্চার হয়েছে। বেলার নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণের বিষয়টিও নাগরিক সমাজের জন্য বড় উদ্বেগের। পাশাপাশি নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও বিএনপির নেতা মুজিবুর রহমানের খোঁজ না পাওয়ার বিষয়টিও উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।’
র‌্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে বদিউল আলম মজুমদার বলেন, যেকোনো দেশের এলিট বাহিনীর প্রয়োজন রয়েছে। তাঁরা শুধু কমান্ডো হিসেবে কিংবা জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন করবে। বিলুপ্ত না করে র্যাবের সংস্কার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘নাগরিক নিরাপত্তা ও সুশাসন: বর্তমান বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ আশরাফ হোসেন। এতে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জোবেদা কনক খান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, গণফোরামের যুগ্ম সম্পাদক নিলেন্দু দেব, গণতন্ত্রী পার্টির জেলা সম্পাদক আরিফ মিয়া, সাম্যবাদী দলের ধীরেন সিংহ, বাসদের সমন্বয়ক আবু জাফর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেটের সমন্বয়কারী শাহ শাহেদা আক্তার প্রমুখ।