আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বগুড়া-৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) বিএনপির সাংগঠনিক বিরোধ চরম আকার ধারণ করেছে। বিএনপির বর্তমান সাংসদ মোস্তফা আলীর সঙ্গে দলের মনোনয়নপ্রত্যাশী অন্য নেতাদের বিরোধ এখন তুঙ্গে। মোস্তফা আলীর মনোনয়ন ঠেকাতে এককাট্টা দলের অন্য মনোনয়নপ্রত্যাশীরা।
সাংসদ মোস্তফা আলী বলেন, ‘সাংসদ হওয়ার পর নেতা-কর্মীদের পাশে থেকে দলকে চাঙা ও উজ্জীবিত করেছি। বিপদে-আপদে তাঁদের পাশে ছুটে গিয়েছি, এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। এতে ঈর্ষান্বিত হয়ে কতিপয় মনোনয়নপ্রত্যাশী আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। চেয়ারপারসনের সফরের সময় তাঁরা ভাড়া করা লোকজন দিয়ে বিক্ষোভ ও লিফলেট বিতরণ করিয়েছেন। দলে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কয়েক দিন আগে নন্দীগ্রামে তাঁরা সরকারি দলের ক্যাডারদের সঙ্গে নিয়ে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। তবে এত সব ষড়যন্ত্র ও অপ্রচারের পরও দল থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯০ সালে এই আসনে বিএনপির সাংসদ নির্বাচিত হন দলের প্রয়াত যুগ্ম মহাসচিব আজিজুল হক মোল্লা। তাঁর মৃত্যুর পর ১৯৯৪ সালের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান আজিজুল হক মোল্লার ছেলে জিয়াউল হক মোল্লা। এরপর আরও দুবার দলীয় মনোনয়নে সাংসদ হন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সংস্কারপন্থী নেতাদের পক্ষ নেওয়ায় জিয়াউল হক মোল্লা দলে কোণঠাসা হয়ে পড়েন। ২০০৯ সালের নির্বাচনে তাঁকে বাদ দিয়ে মোস্তফা আলীকে মনোনয়ন দেওয়া হয়। ওই নির্বাচনে মহাজোটের প্রার্থী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা কমিটির সভাপতি এ কে এম রেজাউল করিমকে হারিয়ে সাংসদ হন তিনি।
বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আবদুর রাফি পান্না অভিযোগ করেন, দলে মোস্তফা আলীর কোনো অবদান ছিল না। তার পরও দল থেকে তাঁকেই মনোনয়ন দিলে দলীয় সিদ্ধান্ত মেনে গতবার তাঁকে বিজয়ী করতে তিনি কাজ করেন। কিন্তু সাংসদ হওয়ার পর তিনি লুটপাট আর দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ত্যাগী নেতা-কর্মীদের মূূল্যায়ন না করে তিনি দলকে পারিবারিককরণ করেন। এসব কারণে দলের ত্যাগী নেতা-কর্মীরা এখন বিব্রত। তাঁর কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনী এলাকার দুই উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনে চরম সাংগঠনিক কোন্দল বিরাজ করছে। সাংসদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তাঁর মনোনয়ন ঠেকানোর ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন জেলা বিএনপির সহসভাপতি আবদুর রাফি পান্না, জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী মোশারফ হোসেন, জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ফজলে রাব্বী তোহাসহ বেশ কয়েকজন নেতা। তাঁরা নিজেরাও দলীয় মনোনয়ন পেতে তৎপরতা চালাচ্ছেন। এ ছাড়া মনোনয়নের জন্য তৎপরতা চালাচ্ছেন সাবেক সাংসদ জিয়াউল হক মোল্লা, জেলা বিএনপির সদস্য ও কানাডার রাজধানী অটোয়া বিএনপির সভাপতি সৈয়দ ফারুক আনোয়ারসহ অনেকেই। তবে দলীয় মনোনয়ন পেতে চেষ্টা চালানোর পাশাপাশি এলাকায় গণসংযোগ চালাচ্ছেন সাংসদ মোস্তফা আলী।
জিয়াউল হক মোল্লা বলেন, ‘গতবার অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পাঁচ বছর তিনি কী করেছেন, এটা সবার জানা। সংগত কারণেই এবার দল থেকে মনোনয়ন চাইব।’
আবদুর রাফি পান্না বলেন, ‘দীর্ঘদিন ধরে দলে নেতৃত্ব দিচ্ছি। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। এবার যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেওয়া হলে আমিই পাব।’
মোশারফ হোসেন বলেন, ‘বর্তমান সাংসদের কারণে দলের ভাবমূর্তি এলাকায় প্রশ্নবিদ্ধ। দলের স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে এবার নতুন কোনো নেতাকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। জনসমর্থন ও যোগ্যতার বিবেচনায় আমিই মনোনয়ন পাওয়ার দাবি রাখি।’
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, বগুড়-৪ আসনে দলে কোনো কোন্দল নেই। তবে নেতৃত্ব ও দলীয় মনোনয়ন নিয়ে নেতাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ থাকতে পারে। এটা সাময়িক। কারণ, বগুড়া হলো বিএনপির তীর্থস্থান।