গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান ও তাঁর সহযোগীদের বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামালের সহযোগী মিনহাজুল ইসলাম ওরফে সবুজকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদীর মাধবদী থেকে গতকাল বুধবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিনহাজুল নরসিংদীর মনোহরদী থানার কাঁচিঘাটা এলাকার মো. রতন মিয়ার ছেলে। প্রিজন ভ্যানে মোস্তফার বোমা নিক্ষেপের ঘটনায় টঙ্গী থানায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁকে।
গতকাল বিকেলে গাজীপুরের বিচারিক হাকিম আদালত-৪-এর বিচারক মাহবুবা আক্তারের আদালতে মিনহাজুলকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, গ্রেপ্তারের সময় মিনহাজুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৫টি গুলি উদ্ধার করা হয়।
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাজিরার জন্য মুফতি হান্নানসহ ২১ আসামিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গত সোমবার ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে ফিরে যাওয়ার পথে তাঁদের বহনকারী প্রিজন ভ্যান এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে মোস্তফা হাতবোমা নিক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি মিনহাজুলের নাম-ঠিকানা দেন।