ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ভোরের ডাকের বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিআরইউ নির্বাচন-২০১০-এর ভোট গ্রহণ করা হয়। নির্বাচিত অন্যদের মধ্যে আছেন আজমল হক হেলাল সহসভাপতি, গ্যালমান শফি যুগ্ম সাধারণ সম্পাদক, সালাহউদ্দিন বাবলু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অর্থ সম্পাদক, শামছুদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক, কবীর আহমেদ খান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মশিউর রহমান প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, শফিকুল ইসলাম শামীম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ক্রীড়া সম্পাদক, কামরুল হাসান সাংস্কৃতিক সম্পাদক এবং জসিমউদ্দিন খান দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নয়জন সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। নির্বাচন শেষে রাতে ডিআরইউ মিলনায়তনের সামনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ নির্বাচন-২০১০-এর নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল, সুভাষ বড়ুয়া প্রমুখ।