মোস্তাফিজকে আসামি করেই অভিযোগপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল হত্যাকাণ্ড
আমিনুল হত্যাকাণ্ড

শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যার ঘটনায় গোয়েন্দা সংস্থার কথিত সোর্স (তথ্য প্রদানকারী) মোস্তাফিজুর রহমানকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়ার্কার্স ফেডারেশনের নেতা আমিনুল গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইলে।
বেওয়ারিশ হিসেবে আমিনুলের লাশ উদ্ধারের পর ঘাটাইল থানার উপপরিদর্শক শাহীন মিয়া অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে ঘাটাইল থানায় আরেকটি এজাহার দেন। এজাহারটি পুলিশের করা হত্যা মামলার সঙ্গে সংযুক্ত করা হয়। বোরকা পরিহিত ওই নারীকে নিয়ে আমিনুলকে ডাকতে গিয়েছিলেন মোস্তাফিজুর।
ঘাটাইল থানার পুলিশ কয়েক দিন তদন্তের পর মামলার তদন্তভার অর্পণ করে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। গত বছরের ১৬ নভেম্বর থেকে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সবার তদন্তই মোস্তাফিজুর পর্যন্ত এসে আটকে গেছে।
আমিনুলকে তাঁর বাসা থেকে মোস্তাফিজুর ডেকে নিয়ে যাওয়ায় শুধু তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে। তবে মোস্তাফিজুরের হদিস না পাওয়ায় বোরকা পরা নারীকে শনাক্ত করতে পারেননি তদন্ত কর্মকর্তারা। হত্যার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খুঁজে বের করা সম্ভব হয়নি একই কারণে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ মামলার অভিযোগপত্র দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে আমিনুল হত্যার ঘটনার অগ্রগতি জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষ পর্যায়ে। অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি স্থগিত হওয়ার উল্লেখযোগ্য একটি কারণ আমিনুল হত্যার সুষ্ঠু বিচার না হওয়া। গত ১৯ মাসেও এই মামলার কোনো সুরাহা হয়নি। সর্বশেষ গত ১২ মার্চ ও ১০ জুন সরকার মোস্তাফিজকে ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। সরকারের প্রকাশ করা তথ্য অনুযায়ী, মোস্তাফিজুর রহমানের বাবার নাম মো. শমসের বিশ্বাস, মা আলেয়া বেগম। বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কন্দিরপাড়া গ্রামে।

মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আমিনুল হত্যার পর থেকে তদন্ত কর্মকর্তারা বলে আসছেন, মোস্তাফিজুরকে গ্রেপ্তার করলেই আমিনুল হত্যার অনেক তথ্য বের হয়ে আসবে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তাই তাঁকে আসামি করেই অভিযোগপত্র দেওয়া হচ্ছে। তবে ভবিষ্যতে যদি অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তখন তাদেরও আসামি করা হবে।

তবে আমিনুলের সহকর্মীদের অভিযোগ, মোস্তাফিজের সঙ্গে সরকারের একটি গোয়েন্দা সংস্থার দুই কর্মকর্তাসহ আরও কিছু ব্যক্তির যোগাযোগের তথ্য জানা গেছে। কিন্তু সেই সব সূত্র ধরে তদন্ত এগোচ্ছে না।

পুলিশ সূত্র জানায়, মোস্তাফিজুর একসময় আশুলিয়া কুইন্স সাউথ নামের একটি কারখানার শ্রমিক ছিলেন। ২০০৯ সালে তাঁর চাকরি চলে যায়। এরপর শ্রমিক হিসেবে নিজের পরিচয় দিলেও কোনো কারখানায় কাজ করেননি। পরে টাঙ্গাইল ডিবির তদন্তে বেরিয়ে আসে যে মোস্তাফিজুর ছিলেন একসঙ্গে তিনটি সংস্থার ‘সোর্স’। এই তিনটি সংস্থা হলো জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও শিল্প পুলিশ।