মোস্তাফিজকে সিঙ্গাপুর পাঠাবে ল্যাবএইড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মোস্তাফিজুর রহমান মাসুমের চিকিৎসায় গাফিলতি ছিল বলে স্বীকার করেছে ল্যাবএইড কর্তৃপক্ষ। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর বাসভবনে ল্যাবএইড কর্তৃপক্ষের বৈঠকে এ কথা স্বীকার করে তারা। হাসপাতাল কর্তৃপক্ষ মোস্তাফিজকে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে পাঠাবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, শেষ চেষ্টা হিসেবে ল্যাবএইডের পক্ষ থেকে মোস্তাফিজকে সিঙ্গাপুর নেওয়া হবে। যদি তাঁর সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে, তবে তাঁকে দেশে ফিরিয়ে আনা হবে এবং তাঁর পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ দেবে ল্যাবএইড।
আরেফিন সিদ্দিক বলেন, মোস্তাফিজুরের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা সম্পর্কে সিদ্ধান্ত নিতে তিনিসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।