ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আজিজুল ইমাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গত রোববার দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে।আওয়ামী লীগের নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে প্রধান অতিথি ছিলেন। দিনাজপুর শহরের স্টেশন ক্লাবে কাউন্সিল অনুষ্ঠিত হয়। জেলার ৫৩৫ জন কাউন্সিলর ও সমসংখ্যক পর্যবেক্ষক ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন।দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ফজলে রাব্বী চৌধুরী বক্তৃতা করেন। এ ছাড়া সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাংসদ ইকবালুর রহিম, মনোরঞ্জনশীল গোপাল, আজিজুল হক চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।সম্মেলনে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে জেলায় সাত বছর ধরে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ সহসভাপতি আজিজুল ইমাম চৌধুরী এবং চার বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আহসানের মধ্যে গোপন ব্যালটে ভোটাভুটি হয়। এতে আজিজুল ইমাম চৌধুরী ৫১ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার জনগণকে দেওয়া বেশির ভাগ নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে ন্যায্যমূল্যে সার-বীজ কৃষকদের কাছে পৌঁছে দিয়েছে। স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে।’