মোস্তাফিজুরকে ধরিয়ে দিতে ফের পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানকে ধরিয়ে দেওয়ার জন্য আবারও এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

গতকাল সোমবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিকে এ ঘোষণা দেওয়া হয়। এর আগে গত ১২ মার্চ একই ঘোষণা দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান সম্পর্কে তথ্য প্রদানসহ গ্রেপ্তারে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। মোস্তাফিজুর রহমানের পিতার নাম মো. শমসের বিশ্বাস, মাতা আলেয়া বেগম। তাঁর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কন্দিরপাড়া গ্রামে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করলে তথ্য প্রদানকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার সহায়তা কামনা করে বলেছে, প্রয়োজনে সহায়তাকারীর পরিচয় গোপন রাখা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামে একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা আমিনুল ইসলাম গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন ৫ এপ্রিল টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায় পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।