শ্রমিক সংগঠক আমিনুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।তথ্য বিবরণীতে সন্দেহভাজন অপরাধী মোস্তাফিজুর রহমান সম্পর্কে তথ্য দেওয়া এবং তাঁকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমানের বাবার নাম মো. শমসের কারিগর, মা আলেয়া বেগম। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামে। তাঁকে গ্রেপ্তারে কাছের থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করলে তথ্য প্রদানকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।উল্লেখ্য, আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামের একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের ঘাটাইলে তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। আমিনুলের হত্যাকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি মত দেয়, ওই হত্যাকাণ্ডে পেশাদার সোর্স মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে।