মোস্তাফিজুরের শপথ নেওয়া হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান চৌধুরী
মোস্তাফিজুর রহমান চৌধুরী

নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর (৫৫) আজ বুধবার ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ নেওয়ার কথা ছিল। এ কারণে তিনি ঢাকায়ও গিয়েছিলেন। কিন্তু তার আগেই গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোস্তাফিজুর রহমান চৌধুরী ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় গ্রামের বাসিন্দা। তিনি সোনারায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানও ছিলেন।
জেলা পরিষদের নির্বাচিত সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইসরাত জাহান বলেন, ‘কাল (বুধবার) বেলা ১১টায় ঢাকার ওসমানী মিলনায়তনে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এলজিআরডিমন্ত্রী মো. মোশাররফ হোসেন আমাদের শপথবাক্য পাঠ করাবেন। এ জন্য আমরা জেলার সব সদস্য সোমবার বিকেলে বিমানে করে ঢাকায় এসেছি। আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান চৌধুরীও ছিলেন। তাঁকে সোমবার সন্ধ্যায় আমরা ফার্মগেট হোটেলে নামিয়ে দিই। গতকাল সকালে তাঁর সঙ্গে হোটেলের নিচে দেখা হয়েছে, কথাও হয়েছে। পরে বেলা ১১টার দিকে তিনি হোটেলে হৃদ্রোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বলেন, গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ফলাফলে ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান চৌধুরী ২২ ভোট ও তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান ২২ ভোট পান। পরে ওই দিন রাতেই এ নিয়ে লটারি হয়। এতে মোস্তাফিজুর রহমান চৌধুরী জয়ী হন। পরে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহিদ আহম্মেদ বলেন, মোস্তাফিজুর সোনারায় ইউনিয়নের দুবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। আজ সকাল ১০টায় সোনারায় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোস্তাফিজুর রহমান চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।