মোহনগঞ্জ আ.লীগে দ্বিধা, বিএনপিতে আশা!
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় চূড়ান্ত লড়াইয়ে আওয়ামী লীগ থেকে মেয়র পদে প্রার্থী হয়েছেন দুজন। দুই প্রার্থী নিয়ে নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদটি হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় নেতা-কর্মীরা। একই পদে বিএনপি থেকে একক প্রার্থী দেওয়ায় দলটি সুবিধাজনক অবস্থায় আছে। মনোনয়নপত্র দাখিলের আগে গত ১৫ ডিসেম্বর রাতে উপজেলা আওয়ামী লীগের সভায় মোহনগঞ্জ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক জ্যোৎস্না আজাদকে দলীয় সমর্থন দেওয়া হয়। জ্যোৎস্না আজাদ মোহনগঞ্জ আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আবদুল কদ্দুছ আজাদের স্ত্রী। কিন্তু দলীয় কোন্দল ও মেয়র পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ায় জ্যোৎস্না আজাদ ১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। নির্বাচনে মেয়র পদে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত চারজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বর্তমানে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে চূড়ান্ত লড়াইয়ে যাঁরা টিকে আছেন তাঁরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান লতিফুর রহমান (দেয়ালঘড়ি), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজল সরকার (কাপ-পিরিচ) ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহবুবুন নবী শেখ (আনারস)। মনোনয়নপত্র প্রত্যাহারের আট দিন পর ৯ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সভায় দল-সমর্থিত প্রার্থী হিসেবে কাজল সরকারের নাম ঘোষণা করা হয়।নাম প্রকাশ না করার শর্তে উপজেলা আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মেয়র পদে আওয়ামী লীগ থেকে দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ভোট কাকে রেখে কাকে বাদ দেব—এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। ভোটের আগে এর ফয়সালা না হলে পদটি এবারের মতো আওয়ামী লীগের হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল বলেন, ‘মেয়র পদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে কাজল সরকারকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। দলে আরেকজন বিদ্রোহী প্রার্থী থাকলেও এতে আমাদের হতাশ বা দুশ্চিন্তার কিছু নেই।’উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার বলেন, ‘দলীয় একাধিক প্রার্থী থাকায় অল্প ভোটের ব্যবধানে গত তিনটি পৌর নির্বাচনে আমাদের দলের প্রার্থী হেরেছেন। এবার আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। জামায়াত ও শরিক দলের নেতা-কর্মীরা এককভাবে মো. মাহবুবুন নবী শেখকে সমর্থন দিয়েছেন। আমরা এবার নির্বাচনে এর সুফল পাব বলে আশাবাদী।’