মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে লোকাল বাস চলাচল বন্ধ
মোহনগঞ্জ থেকে নেত্রকোনাগামী লোকাল বাস চলাচল গতকাল বৃহস্পতিবার বন্ধ করে দিয়েছে মোহনগঞ্জ উন্নয়ন নাগরিক কমিটি।নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, ৫ জুন নেত্রকোনা বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন মোহনগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। এর প্রতিবাদে নাগরিক কমিটি মোহনগঞ্জ-নেত্রকোনা সড়কে গতকাল লোকাল বাস চলাচল বন্ধ করে দিয়েছে। গতকাল সকালে নাগরিক কমিটির উদ্যোগে মোহনগঞ্জ রেলস্টেশন প্ল্যাটফর্মে প্রতিবাদ সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক শামছুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌরসভার মেয়র মো. মাহবুবুন্নবী শেখসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তৃতা করেন।বক্তারা বলেন, যেহেতু মোহনগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল করতে পারবে না, তাই তাঁরা ওই সড়কে লোকাল বাস চলাচলও বন্ধ করে দিয়েছেন। নেত্রকোনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন, নাগরিক কমিটির লোকজন ভাড়ায় মোটরসাইকেল চালানোর অনুমতির জন্য লোকাল বাস বন্ধ করে দিয়েছেন। জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনকে এ ব্যাপারে কথা বলতে বলা হয়েছে। এ ছাড়া শনিবার বাস মালিক সমিতি এবং ওই কমিটির সঙ্গে আলোচনা করা হবে।