মোহনগঞ্জ প্রেসক্লাবে হামলা, তিন সাংবাদিক আহত, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় খবর প্রকাশের জের ধরে গত বুধবার রাতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রেলস্টেশন-সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদ ও সাংবাদিক এস এম সারোয়ার হোসেন আহত হন। গুরুতর আহত আনোয়ার হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সাংবাদিকেরা জানান, ১১ জুন উপজেলার গাগলাজুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা পুনর্নির্বাচনের দাবিতে ১৩ জুন গাগলাজুর-চানপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল ও ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনে তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় এ খবর প্রকাশিত হওয়ার পর বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল মুঠোফোনে সাংবাদিকদের হুমকি দেন। এরপর রাত নয়টার দিকে ৩০-৩৫ জন লোক রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে প্রেসক্লাবে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এরপর ওই তিন সাংবাদিককে লাঠিপেটা করে চলে যায়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে যাওয়ার আগে তিনি উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবালসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন।অভিযোগ অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল বলেন, তিনি কোনো সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেননি। হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শেখ সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশ ইতিমধ্যে মাসুম ও সাইদুর নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে নেত্রকোনায় কর্মরত সাংবাদিকেরা গতকাল জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুরে নেত্রকোনা প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।