মোহনগঞ্জ রেলপথে অজ্ঞান পার্টির খপ্পরে তিন যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে মাসখানেক ধরে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রীরা সর্বস্বান্ত হচ্ছে, সেই সঙ্গে বাড়ছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। রেলওয়ে পুলিশের নজরদারির অভাবে প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে বলে যাত্রীদের অভিযোগ। গতকাল রোববার সকাল সোয়া নয়টায় মোহনগঞ্জে ট্রেনের বগি থেকে তিনজন যাত্রীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানতে পারলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার গয়েশ্বর মল্লিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল ছয়টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ২৬২ নম্বর ডাউন লোকাল ট্রেনটি সকাল নয়টা ১০ মিনিটে মোহনগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। ট্রেনের যাত্রীরা স্টেশনে নামলেও তিনজন যাত্রী বগির মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন খবর পেয়ে জিআরপি পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে। তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি মুঠোফোনের সূত্র ধরে তিনজনের মধ্যে আমির হামজা (৫৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামান্নাপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনজন যাত্রীই সংজ্ঞাহীন থাকায় সঙ্গে সঙ্গে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গয়েশ্বর মল্লিক আরও বলেন, গত এক সপ্তাহে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এমন ৮-১০ জন যাত্রী সর্বস্ব হারিয়ে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে।মোহনগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. এনামুল হক তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি দুই মাস হলো এখানে এসেছি। এর মধ্যে আমরা দুজন চোরকে ধরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। মলমপার্টির প্রতারক চক্রটিকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, মোহনগঞ্জ রেলওয়ে বিভাগের লোকজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়া সংজ্ঞাহীন তিনজন বয়স্ক ব্যক্তিকে সকাল সাড়ে ১০টায় এখানে ভর্তি করেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হলেও বিকেল পাঁচটা পর্যন্ত জ্ঞান ফেরেনি।