মোহনগঞ্জে কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। গত সোমবার রাতের ওই ঝড়ে ইউনিয়নের একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় ও তার ছিঁড়ে যাওয়ায় মোহনগঞ্জ, বারহাট্টা ও ধরমপাশা উপজেলায় প্রায় ২০ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঘণ্টাব্যাপী কালবৈশাখীতে গাগলাজুর ইউনিয়নের মান্দারবাড়ি, গাগলাজুর, চানপুর, করাচাপুর ও বানিয়াহারী গ্রামের অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং গাছপালা ভেঙে পড়ে। এ ছাড়া গাগলাজুর বাজারসংলগ্ন ভাটিবাংলা জুনিয়র হাইস্কুলের নবনির্মিত টিনশেডের ভবনটি বিধ্বস্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মজিদ তালুকদার জানান, কালবৈশাখীতে বিদ্যালয়ের ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুল হক জানান, ‘কালবৈশাখীতে ভাটিবাংলা জুনিয়র হাইস্কুলের ঘরটি ভেঙে পড়েছে বলে খবর পেয়েছি।’