মোহনগঞ্জে বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা খাদ্যগুদামে কাজ করতে গিয়ে বস্তার নিচে চাপা পড়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) খন্দকার মোন্তাসির মামুন জানান, হেলাল উদ্দিন ওই গুদামে মাস্টার রোলে শ্রমিক হিসেবে কাজ করতেন। বুধবার সকাল সাড়ে নয়টায় গুদামের ভেতরে তিনি কাজ করছিলেন। একপর্যায়ে চালের বস্তার সারি থেকে একটি বস্তা তাঁর ওপরে পড়লে তিনি অচেতন হয়ে পড়েন। পরে আশপাশে থাকা শ্রমিকেরা তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহরাব হোসেন দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।
মো. সোহরাব হোসেন বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হেলাল উদ্দিন এই খাদ্যগুদামে দীর্ঘদিন কাজ করেছেন। এ ঘটনায় আমরা মর্মাহত। খাদ্য বিভাগের পক্ষ থেকে ওই দরিদ্র পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।’
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।