মোহনগঞ্জে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের ভিজিডি কার্ডধারী ১৫৫ জনের গত ফেব্রুয়ারি মাসের চাল উত্তোলন করে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ১৫ মার্চ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) জেবুন নাহার নার্গিস ওই চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বানিয়াহারী ইউনিয়নের ভিজিডি কার্ডধারী ১৫৫ জনের মধ্যে বিতরণের জন্য গত ফেব্রুয়ারি মাসে চার টন ৬৫০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট কার্যালয় থেকে যথাসময়ে ডিও ছাড় দেওয়া হয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম খানের নামে। নিয়ম আনুসারে প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু তিনি গত ২৮ ফেব্রুয়ারি চাল উত্তোলন করে তা কার্ডধারীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করেন। জেবুন নাহার নার্গিস ও ইউএনও মো. হামিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মোহনগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) মো. শহীদুল্লাহ বলেন, চেয়ারম্যান গত ২৮ ফেব্রুয়ারি ওই ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের চাল উত্তোলন করেছেন।মোহনগঞ্জ থানার ওসি শেখ সালাহ উদ্দিন বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে এর অনুলিপি পাঠানো হয়েছে। মাহাবুবুল আলম খান তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।