নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার নওহাল বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় প্রদর্শিত যাত্রা প্যান্ডেলে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাতে যাত্রানুষ্ঠান বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্যান্ডেলের ভেতরে মদ খেয়ে মাতলামি করার দায়ে পায়েল মিয়া (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ পৌরসভার নওহাল বাসস্ট্যান্ড এলাকায় ১৮ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নামে প্যান্ডেল করে যাত্রাপালা ও কনসার্টের আয়োজন করা হয়। এ জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের অনুমতি নেয়। কিন্তু যাত্রাপালা ও কনসার্ট অনুষ্ঠানের নামে এখানে চলতে থাকে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. শামছুল হক ও মো. আসাদুজামান সাধারণ দর্শকের বেশে টিকিট কেটে মঙ্গলবার গভীর রাতে যাত্রা প্যান্ডেলে প্রবেশ করেন। এ সময় নৃত্য প্রদর্শন দেখে দর্শকের সারিতে বসে থাকা দুজনই হতবাক হন। পরে ওই ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে জেলা প্রশাসনের অন্য ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাত্রাপালা বন্ধ করে দেন।